Published on July 10, 2025

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হাটুলিয়া গ্রামে ফাঁকা বাড়িতে রাকিব হাসান (২০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সোহাগী ইউনিয়নের ওই গ্রামে নিজ ঘর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নিহত রাকিব হাসান ওই এলাকার মো. আব্দুস ছালামের ছেলে। তার চাচা রফিকুল ইসলাম জানান, রাকিবের বাবা-মা ঢাকায় একটি খামারে কাজ করেন। রাকিবও সেখানে থাকতেন। ঈদের আগে বাড়িতে ফিরে এসে তিনি আর ঢাকায় ফিরে যাননি। বাড়িতে একাই থাকতেন এবং নিজেই রান্না করে খেতেন। বৃহস্পতিবার দুপুরে রাকিবের ফুফু ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন দরজা খোলা। ঘরে ঢুকে তিনি খাটের ওপর রক্ত এবং বালিশে ঢাকা একটি মুখ দেখতে পান। বালিশ সরিয়ে দেখেন, রাকিবের গলাকাটা মরদেহ পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “মরদেহের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে, ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করতে কাজ করছে তারা।