রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ১ কেজি ৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শরীফুল আলম (৩০) এবং মো. জুবায়ের (৩৬)।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৯টার দিকে বিমানবন্দরের আগমনী ১ নং ও ২ নং ক্যানোপির মাঝখানে এলাকা থেকে একটি সিলভার রঙের প্রাইভেটকারে পালানোর চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। গাড়ির টুলবক্সে থাকা ১৩টি কফি কালারের ছোট ব্যাগ থেকে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।
জিজ্ঞাসাবাদে শরীফুল ও জুবায়ের জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ চোরাচালানে জড়িত ছিলেন এবং রিসিভার হিসেবে কাজ করতেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর অধীনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের ততপরতা বৃদ্ধি পেয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”