রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির মামলায় পলাতক আসামি জানে আলম ওরফে গৌরব অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনায় দায়ের করা মামলায় দুই নম্বর আসামি অপু। এর আগে, গত ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির সময় রিয়াদসহ পাঁচজনকে আটক করা হয়।
ঘটনার পর শাম্মীর স্বামী আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক অপু ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মামলার অন্য আসামিরা হলেন—গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর। বর্তমানে প্রাপ্তবয়স্ক চার আসামি রিমান্ডে রয়েছেন।