Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

সাবধান! ভুয়া চাকরির প্রলোভনে হ্যাকারদের ম্যালওয়্যার হামলা


উত্তর কোরিয়ার একটি হ্যাকার গোষ্ঠী লিংকডইনসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ‘বিভারটেইল’ ও ‘ইনভিজিবলফেরেট’ নামের ক্ষতিকর ম্যালওয়্যার ছড়াচ্ছে। এই ম্যালওয়্যার ব্যবহার করে তারা সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিদের কম্পিউটার থেকে গোপন তথ্য চুরি করছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সকেট থ্রেট রিসার্চ জানিয়েছে, হ্যাকাররা নিজেদের প্রতিষ্ঠিত কোম্পানির নিয়োগকর্তা পরিচয় দিয়ে সফটওয়্যার ডেভেলপারদের সঙ্গে যোগাযোগ করে। তারা ‘টেস্ট প্রজেক্ট’ বা ‘কোডিং অ্যাসাইনমেন্ট’ নামে একটি গুগল ডক ফাইল পাঠায়, যাতে এনপিএম (নোড প্যাকেজ ম্যানেজার) প্ল্যাটফর্মের ৩৫টি ক্ষতিকর প্যাকেজ থাকে। ফাইলটি ডাউনলোড করলেই কম্পিউটারে ম্যালওয়্যার ইনস্টল হয়, যা স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে হ্যাকারদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারে পাঠায়। ‘বিভারটেইল’ ম্যালওয়্যার ব্রাউজারের কুকি, পাসওয়ার্ড, এবং ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের তথ্য চুরি করে এবং নতুন ম্যালওয়্যার ইনস্টলের পথ তৈরি করে। এর মাধ্যমে হ্যাকাররা দূর থেকে কম্পিউটারের ফাইল সংগ্রহ, স্ক্রিনশট নেওয়া, কীবোর্ডের কার্যকলাপ নজরদারি, এমনকি পুরো কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে। বিশেষজ্ঞরা জানান, হ্যাকাররা ভৌগোলিক সীমানা নির্বিশেষে ব্যাপকভাবে আক্রমণ চালাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। অচেনা উৎস থেকে পাওয়া কোড বা সফটওয়্যার সরাসরি কম্পিউটারে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তারা। সূত্র: বিডি উইকিলিকস তারিখ: ০৯ জুলাই, ২০২৫