জয়পুরহাটের আক্কেলপুরে ‘চাকু মানিক’ নামে খ্যাত মানিক (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়। মানিক আক্কেলপুর পৌরসভার সাখিদার পাড়ার মন্টু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রশিদুল ইসলাম আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘মানিক কারাগারে ছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন। গ্রেপ্তারের সময় আমাদের একজন কর্মকর্তা আহত হন। মানিক মাদকাসক্তও ছিলেন।’
