গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশের ইউনিফর্ম পরে ছদ্মবেশে প্রবেশের সময় তানিয়া (২৭) নামের এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে।
পুলিশ সূত্রে জানা যায়, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। বোরকার নিচে পুলিশের ইউনিফর্ম পরে তিনি নিজেকে নারী উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন। কিন্তু একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় কর্তব্যরত ডিউটি অফিসারের সন্দেহ হয়। একজন নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয় এবং নিশ্চিত হওয়া যায় যে তিনি কোনোভাবেই পুলিশের সদস্য নন। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে। তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে জিএমপির পোশাকসহ পুলিশের ব্যবহৃত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেই ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে বা কোনো অপরাধে জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”