Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ: এক নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা


এক তরুণী অভিযোগ করেছেন, তাকে চেতনানাশক খাইয়ে প্রথমবার ধর্ষণের পর ভিডিও ধারণ করা হয়েছিল। এরপর সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ শুক্রবার (১১ জুলাই) তিনি আবারও ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে রাতে পাঁচবিবি থানায় তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন—আতাউর রহমান, নয়ন হোসেন ও তার স্ত্রী সালমা বেগম। তাদের মধ্যে সালমা বেগমকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার এজাহারে তরুণী উল্লেখ করেন, সালমা বেগম তার পরিচিত। দুই মাস আগে গল্প করার জন্য তাকে নিজ বাড়িতে ডেকে নেন সালমা। এ সময় তাকে ঝালমুড়ি খেতে দেন সালমা। ঝালমুড়ি খাওয়ার কিছুক্ষণ পরই তরুণী অসুস্থ হয়ে পড়েন। আতাউর রহমান নামের এক মাদক ব্যবসায়ী তখন তরুণীকে ধর্ষণ করেন। আতাউর গোপনে নিজের মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। ঘটনাটি বাইরে জানালে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়া এবং তরুণীর বাবাকে হত্যার হুমকি দেন তিনি। এই হুমকি দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। লোকলজ্জার ভয়ে তিনি ঘটনাটি কাউকে জানাতে পারেননি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, মামলার প্রধান আসামি আতাউর রহমান ও নয়ন হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।