Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে’ পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি, আহত একজন



গত শুক্রবার বিকেল ৫টার দিকে রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা।

পুরান ঢাকায় চাঁদাবাজির কারণে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও বিক্ষোভের মধ্যে রাজধানীর পল্লবীতে একই কারণে আরেকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার, ১১ জুলাই ২০২৫, বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়। পুলিশ জানায়, হামলাকারীরা চারটি গুলি চালায়, এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান শনিবার ,তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি তাঁর বাবার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাঁদের প্রতিষ্ঠানে হামলা হয়, যখন সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিস নিয়ে যায় সন্ত্রাসীরা। শুক্রবার ৩০ থেকে ৪০ জনের একটি দল প্রতিষ্ঠানে হামলা করে এবং গুলি চালায়, যাতে একজন কর্মকর্তা আহত হন। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, গুলিবর্ষণের ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনাটির গুরুত্বসহ তদন্ত চলছে, এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদাবাজি ও হামলার ঘটনায় বৃহস্পতিবার পল্লবী থানায় এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭ জুন প্রথমবার এবং ৪ জুলাই দ্বিতীয়বার তাঁর প্রতিষ্ঠানে হামলা হয়। অজ্ঞাত ব্যক্তিরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছে। এরপর শুক্রবার তৃতীয়বার প্রতিষ্ঠানটিতে হামলা হয়।
এর আগে গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে প্রকাশ্যে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাঁকে পিটিয়ে, ইট-পাথর দিয়ে আঘাত করে এবং বিবস্ত্র করে শরীরের ওপর লাফিয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি, মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদাবাজিই হত্যার মূল কারণ। লাল চাঁদ একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে জড়িত চারজন আসামিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।