রাজধানীর পল্লবী এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার রাত আটটার দিকে সিরামিক রোডে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি বলে জানা গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম গণমাধ্যমকে জানান, রাত আটটার দিকে দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।
ওসি শফিউল আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, নাশকতার উদ্দেশ্যে এই আগুন দেওয়া হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।