ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে প্রায় ১২ কোটি ৭৫ লাখে পৌঁছাতে যাচ্ছে। এর ফলে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়িয়ে প্রায় ৪৫ হাজারে উন্নীত করছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি, যা এবার আরও প্রায় ২ হাজার ৭৮৬টি বাড়তে পারে।
ইসি সূত্র জানায়, নতুন ভোটার অন্তর্ভুক্তির কারণে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়াতে শিগগিরই একটি সমন্বয় সভা আহ্বান করা হবে। এই সভায় ভোটকেন্দ্র নির্ধারণ, ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা–সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে।
ইসি আরও জানিয়েছে, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই বা দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এসব কেন্দ্র মেরামতের জন্য শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাও বাড়বে। দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার, বিজিবি, পুলিশ, র্যাব ও কোস্টগার্ড মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ সদস্য মোতায়েন ছিল। এবার এই সংখ্যা আরও বাড়তে পারে। ইসি জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য জনপ্রতি ৪০০ টাকা থেকে ১,৮২০ টাকা পর্যন্ত বরাদ্দ ছিল। ভোটকেন্দ্র বৃদ্ধির ফলে এবার নির্বাচনী ব্যয়ও বাড়বে বলে ইসি জানিয়েছে।