শনিবার (১৯ জুলাই) দুপুরে লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মহিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহত মারজিয়া ওই ইউনিয়নের পূর্বআলীপুর গ্রামের আলম প্যাদার মেয়ে। কিছুদিন আগে তার আপন চাচাতো ভাই জাহিদ প্যাদার সঙ্গে বিয়ে হয়।
নিহতের স্বামী জাহিদ জানান, শুক্রবার রাতে মারজিয়া তাকে ফুচকা আনতে বলেন। কাজের ব্যস্ততায় দেরি হওয়ায় তিনি মাছ নিয়ে বাড়ি ফেরেন। এতে মারজিয়া রাগ করেন। মাছ কেটে ধোয়ার পর মোবাইল দেখতে গেলে জাহিদ তাকে ঘুমাতে বলেন। তখন তিনি রাগ করে বারান্দায় ঘুমাতে যান। পরে সকালে জাহিদ ঘুম থেকে উঠে দেখেন, বারান্দার আড়ায় ঝুলছে মারজিয়ার নিথর দেহ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।”