Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মামলার বাদীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ

রাজশাহীর বাগমারায় প্রতারণা মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দাবি করেছেন, মামলা তুলে না নেওয়ায় তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং ভুয়া মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

শনিবার (১৯ জুলাই) বাগমারা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মামলার বাদী সাগর আহম্মেদ, যিনি বাগমারা গ্রামের আব্দুল মানিকের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর বলেন, পিবিআই অফিসে কর্মরত এএসআই সাদ্দাম হোসেন তাকে দুবাইয়ে ‘নিদাহাদি প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস’ কোম্পানিতে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চার লাখ টাকা নেন। কিন্তু চাকরির ভিসার পরিবর্তে তাকে ভ্রমণ ভিসায় দুবাই পাঠানো হয়। এ কারণে দেশে ফিরে এসে তিনি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে এএসআই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এরপর থেকে সাদ্দাম ও তার লোকজন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছেন এবং তাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন।

সাগর আরও বলেন, “আমাকে আদাম বেপারী হিসেবে চিহ্নিত করে সাদ্দামের লোকেরা আমার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করেছে।” তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।