Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

পঞ্চগড়ে শিশুর গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

পঞ্চগড়: পঞ্চগড়ে দেড় বছরের শিশুর গলায় ছুরি ধরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনায় ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, শুক্রবার রাতে পঞ্চগড়-জগদল সড়কের তিনমাইল এলাকায় ওই নারী ও তার শিশুসন্তানকে অচেতন অবস্থায় সড়কের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী নারী চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুই থেকে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—জনি ইসলাম (২৭), বিপ্লব হোসেন (২৫), মোকসেদুল ইসলাম (৩২) ও সাদেকুল ইসলাম (৩২)। ভুক্তভোগী নারী হাসপাতালে সাংবাদিকদের জানান, কয়েক মাস আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। এরপর তিনি বাবার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে কাজের সন্ধানে একটি ভাড়া বাড়িতে উঠেছিলেন। শুক্রবার রাতে তার শিশুসন্তান অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে ইজিবাইকে করে বাবার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে আরেকটি ইজিবাইক তাদের পিছু নেয়। রাত ১১টার দিকে তিনমাইল এলাকায় পৌঁছালে পেছনের ইজিবাইকের চালক তাদের গাড়ি থামিয়ে নামতে বলে। ভুক্তভোগী নারী বলেন, “পেছনে যে গাড়িটা আমাদের ফলো করছিল, তার চালক পরিচিত ছিল। সে আমাকে গাড়ি থেকে নামতে বলে। নামার পর গাড়িতে থাকা কয়েকজন আমাকে ও আমার সন্তানকে কাছের একটি চা-বাগানে নিয়ে যায়। সেখানে আমাকে ধর্ষণ করা হয়।” তিনি আরও বলেন, “সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করলে তারা আমার শিশুসন্তানের গলায় ছুরি ধরে আমাকে চুপ থাকতে বাধ্য করে।” এ ঘটনায় ছয়জন জড়িত থাকলেও তিনি চারজনকে চিনতে পেরেছেন। ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা শিশুর কান্নার আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও শিশুকে অচেতন অবস্থায় দেখতে পান। তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। হাসপাতালের এক চিকিৎসক জানান, রাত প্রায় দেড়টার দিকে পুলিশ ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনা এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে।