Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মোহাম্মদপুরে ‘ভাইরাল আলভি’সহ গ্রেফতার ৪ জন কারাগারে

ঢাকা, ৬ জুলাই ২০২৫: রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার সোশ্যাল মিডিয়ায় অস্ত্র হাতে ভাইরাল মোশারফ হোসেন ওরফে আলভি (২৩)-সহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৫ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন— মো. হৃদয় (৩১), মো. ইলিয়াস হাজী (২০) এবং মো. আকাশ হাওলাদার (১৬)। মোহাম্মদপুর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আজ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।” গত ৪ জুলাই ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের এই চার সক্রিয় সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে একটি দেশীয় সামুরাই উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, এই দলটি মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে চারজনকে গ্রেফতার করা হলেও তাদের সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, এই দলটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই, চুরি এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তারা অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।