Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

গোপালগঞ্জে নতুন মামলা, চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬

 গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছে। সদর উপজেলার সাতপাড়ে পুলিশের গাড়ি পোড়ানো ও সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে এই মামলাটি করা হয়।

শুক্রবার (১৮ জুলাই) রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন বাদী হয়ে ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩৫০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। মামলায় ৪৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নিয়ে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। গত দুই দিনে সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় এই মামলাগুলো করা হয়। চারটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৩৫৪ জনের নাম উল্লেখসহ ২,৬৫৪ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার (১৬ জুলাই) থেকে শনিবার (১৯ জুলাই) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩০৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১৯ জন গ্রেপ্তার হয়েছেন।

জেলার পাঁচটি থানার পুলিশ সূত্রে জানা যায়, সদর থানায় নতুন ৪৪ জনসহ ৯২ জন, কাশিয়ানী থানায় নতুন ৩৩ জনসহ ৭৭ জন, মুকসুদপুরে নতুন ২২ জনসহ ৮৮ জন, টুঙ্গিপাড়ায় নতুন ১০ জনসহ ২৭ জন এবং কোটালীপাড়ায় নতুন ১০ জনসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার এনসিপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা হামলা চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন প্রথমে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। রাতে কারফিউ জারি করা হয়। পরে কারফিউর মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।