Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

সোনার চেইন ছিনতাইকালে আটক দুই নারী

 হবিগঞ্জ শহরের চাঁদের হাঁসি হাসপাতাল এলাকায় পথচারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরন্ডল গ্রামের সাদেক মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (২৮) এবং পালান মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একজন নারী পথচারী হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাত তিনি লক্ষ্য করেন তার গলার সোনার চেইন নেই। তখন তিনি সামনে থাকা একটি ইজিবাইকে থাকা দুই নারীকে সন্দেহ করে চিতকার দেন। স্থানীয়রা এগিয়ে গিয়ে ইজিবাইকটি থামিয়ে তাদের আটক করেন এবং তল্লাশি করে চেইনটি উদ্ধার করেন। খবর পেয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আউলাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, “ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী এখনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ না পেলে তাদের ১৫১ ধারায় আদালতে পাঠানো হবে।”

পুলিশ জানায়, ধরন্ডল গ্রামের নারীরা প্রায়ই শহরের কাপড় ও প্রসাধনীর দোকানে ঘোরাফেরা করেন এবং সুযোগ পেলেই পকেটমারিতে লিপ্ত হন। এর আগেও ওই গ্রামের কয়েকজন একই অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন।