ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আবরার ফাহাদ হত্যার ছয় বছর পেরিয়ে গেলেও পূর্ণ বিচার এখনো পাননি বলে অভিযোগ করেছেন তার বাবা বরকত উল্লাহ।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
বরকত উল্লাহ বলেন, “২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আমার ছেলে আবরার ফাহাদকে বুয়েটের শেরেবাংলা হলে রাতভর নির্যাতন করে হত্যা করা হয়। তার একমাত্র অপরাধ ছিল দেশের পক্ষে কথা বলা। ভারতীয় আধিপত্য, আগ্রাসন এবং ততকালীন সরকারের সঙ্গে ভারতের কিছু অবৈধ চুক্তির বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল।”
তিনি আরও বলেন, “আবরার লিখেছিল, ‘ভারত গোপন চুক্তিতে ফেনী নদীর পানি নিচ্ছে, আমরা ইলিশ পাচ্ছি না, অথচ আমাদের ইলিশ কম দামে ভারতে পাঠানো হচ্ছে।’ এই কথা বলার জন্যই তাকে হত্যা করা হয়। ছয় বছর পেরিয়ে গেছে, আমি এখনো আমার ছেলের হত্যার বিচার পাইনি। আমি ন্যায়বিচার চাই।”
আবরারের বাবা অভিযোগ করেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে এখনো র্যাগিংয়ের ঘটনা ঘটছে। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এসেছে, তাহলে কেন এসব বন্ধ হবে না?” তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে শহীদদের তালিকা করা হলেও র্যাগিংয়ের শিকার হয়ে যারা মারা গেছে, তাদের কোনো রাষ্ট্রীয় তালিকা নেই।” তিনি এ ধরনের মৃত্যুর জন্যও একটি তালিকা তৈরির অনুরোধ জানান।
বরকত উল্লাহ বলেন, “আমার ছেলে নিজের দেশকে ভালোবেসেছিল, সেটাই ছিল তার অপরাধ। আমি বারবার বিচার চাইছি, কিন্তু এখনো সেই প্রক্রিয়া অসম্পূর্ণ।” তিনি দেশের বিবেকবান মানুষদের কাছে আবরারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এদিন সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল পর্ব শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রথম পর্ব শুরু হয়। দুপুর সোয়া ১২টায় দলের আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান।
জামায়াতের নেতারা জানান, এই সমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটবে। জামায়াতের লক্ষ্য বড় ধরনের সমাবেশ করে রাজনীতির মাঠে নতুন আলোড়ন সৃষ্টি করা। সমাবেশ থেকে নতুন প্রজন্মের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। গণহত্যার বিচার, সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার বিষয়ে তিনি দিকনির্দেশনা দেবেন। সমাবেশে জাতীয় নেতা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কর্মপরিষদ সদস্য, বিভিন্ন দলের নেতা এবং জুলাইয়ের শহীদ পরিবারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
জামায়াতের নেতারা আরও জানান, সমাবেশ সফল করতে দলের আমিরসহ শীর্ষ নেতারা ঢাকা মহানগরসহ দেশজুড়ে গণসংযোগ, প্রস্তুতি সভা, মিছিল-সমাবেশসহ সাংগঠনিক ততপরতা চালিয়েছেন। প্রায় ১০ হাজার বাস এবং কয়েক জোড়া ট্রেন রিজার্ভ করা হয়েছে। লঞ্চে দক্ষিণাঞ্চলের মানুষ শুক্রবার (১৮ জুলাই) সমাবেশের উদ্দেশে রওনা দেন। বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল এবং ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। জামায়াতের লক্ষ্য এই সমাবেশে ১৫ লাখ মানুষের সমাগম ঘটানো।