চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মুহাম্মদ সেলিমকে (৪০) প্রকাশ্যে গুলি করে হত্যার পর বোরকা পরা সন্ত্রাসীরা অটোরিকশা বদল করে পাহাড়ি পথের দিকে পালিয়ে গেছে। গত রোববার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশান ভট্টের হাট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি স্থানীয় একটি বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শমসেরপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি বালুর ব্যবসা ও মুরগির খামারের সঙ্গে জড়িত ছিলেন এবং ২০২২ সালে গঠিত কমিটিতে কদলপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ছিলেন। তাঁর পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছেলে ও ১৮ মাস বয়সী এক মেয়ে রয়েছে। নিহতের স্ত্রী ফেরদৌস আক্তার জানান, তিনি তাঁর স্বামী ও মেয়ের সঙ্গে মোটরসাইকেলে করে আত্মীয়ের জানাজা থেকে ফিরছিলেন। পথে ওষুধ কেনার জন্য মোটরসাইকেল থামানোর পর একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে বোরকা পরা দুজন সন্ত্রাসী সেলিমের মাথায় গুলি করে
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাত থেকে আটজন মুখোশধারী ও বোরকা পরা সন্ত্রাসী একটি অটোরিকশা থেকে নেমে অস্ত্র হাতে এলাকায় ঘোরাফেরা করে। পরে তারা আরেকটি অটোরিকশায় উঠে হজরত আশরাফ শাহ মাজার সড়ক ধরে পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ভয়ে পালিয়ে যান।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, তিন থেকে চারজন খুনিকে শনাক্ত করা গেছে, যার মধ্যে একজন সন্ত্রাসী মুহাম্মদ রায়হান। তিনি বলেন, “রায়হান ৫ আগস্টের পর রাউজান সদর ও কদলপুরে একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সেলিমকে আধিপত্য বিস্তারের জেরে হত্যা করা হয়েছে।” তিনি আরও জানান, সেলিমের স্ত্রী অসুস্থ থাকায় এখনও মামলা দায়ের হয়নি, তবে শিগগিরই মামলা করে আসামিদের গ্রেপ্তার করা হবে।
পুলিশ জানায়, সন্ত্রাসীরা বারবার স্থান পরিবর্তন করায় তাদের আটক করা যায়নি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্তের প্রক্রিয়া চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার পেছনে রাজনৈতিক বিরোধ বা ব্যবসায়িক আধিপত্য বিস্তার জড়িত থাকতে পারে। স্থানীয়রা জানান, সেলিমের বিরুদ্ধেও নানা অপরাধ ও রাজনৈতিক মামলা ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ১৮ আগস্ট থেকে রাউজানে ১০টি রাজনৈতিক হত্যা, অর্ধশত গোলাগুলি, সংঘর্ষ ও অপহরণের ঘটনা ঘটেছে, যা বিএনপির স্থানীয় দুই পক্ষের দ্বন্দ্বের কারণে হয়েছে বলে পুলিশের দাবি। এসব ঘটনায় ৩৫টির বেশি মামলা দায়ের হয়েছে।