এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে নকলের অভিযোগে ৪৩ জন পরীক্ষার্থী এবং ৪ জন শিক্ষককে (কক্ষ পরিদর্শক) বহিষ্কার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইংরেজি প্রথম পত্র, হিসাববিজ্ঞান, রসায়ন এবং অর্থনীতি বিষয়ের পরীক্ষায় এই বহিষ্কারের ঘটনা ঘটেছে। এদিন মোট ২৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ৯টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আইসিটি পরীক্ষায় ১৭ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মাদ্রাসা বোর্ডের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ৪ হাজার ৮৮৯ জন এবং কারিগরি বোর্ডের হিসাববিজ্ঞান নীতি প্রয়োগ-২, রসায়ন-২ ও অর্থনীতি পরীক্ষায় ১ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরিসংখ্যানে দেখা গেছে, রাজশাহী বোর্ডে সর্বাধিক ২ হাজার ৩২৯ জন (১.৯৪ শতাংশ) পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে অনুপস্থিতির সর্বোচ্চ শতকরা হার ছিল যশোর বোর্ডে, যেখানে ২.৩০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। ঢাকা বোর্ডে ২ লাখ ৬৮ হাজার ৭৫২ জন পরীক্ষায় অংশ নিলেও ৪ হাজার ৪৬৫ জন (১.৬৩ শতাংশ) অনুপস্থিত ছিলেন। কুমিল্লায় ১ হাজার ৬৩৯ জন (১.৮১ শতাংশ), দিনাজপুরে ১ হাজার ৫৫৫ জন (১.৬২ শতাংশ) এবং বরিশালে ১ হাজার ২০৫ জন (২.১০ শতাংশ) পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাদ্রাসা বোর্ডে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ৫.৭৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে হিসাববিজ্ঞান, রসায়ন ও অর্থনীতি বিষয়ে মোট ১ লাখ ৩ হাজার ৬৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১.৯৩ শতাংশ অনুপস্থিত ছিলেন।
ঢাকা বোর্ডের অধীনে বিদেশের ৮টি কেন্দ্র থেকে পরীক্ষার্থীরা অংশ নিলেও সেই তথ্য এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রসঙ্গত, এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১০ আগস্ট শেষ হবে। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।