Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

গোপালগঞ্জে সহিংসতায় আহত রিকশা চালকের ঢামেকে মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রিকশা চালক রমজান মুন্সী (৩২) মারা গেছেন। বুধবার (১৬ জুলাই) সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত রমজানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে গোপালগঞ্জে এই সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।

রমজান মুন্সী গোপালগঞ্জ পৌরসভার থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সীর ছেলে। তার ভাই ইমরান মুন্সী জানান, “আমার ভাই রিকশা চালাত। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে রিকশা নিয়ে যাওয়ার সময় তার শরীরে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে রাত সাড়ে ১২টার দিকে ঢামেকে স্থানান্তর করা হয়।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করেছেন যে, রমজান মুন্সীর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, গোপালগঞ্জের ঘটনায় আহত সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩২) বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার দিন সংঘর্ষে আরও চারজন নিহত হন। তারা হলেন– সোহেল মোল্লা (৪৫), দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (২৪) ও ইমন তালুকদার (১৮)। নিহতদের মধ্যে দীপ্ত সাহা যুবলীগের সদস্য ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস জানান, “চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছিল। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।” সংঘর্ষে প্রায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে ৪৫ জন পুলিশ সদস্য ও সাংবাদিক রয়েছেন।

স্থানীয় প্রশাসন জানায়, বুধবার দুপুরে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার পর সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের গাড়ি, ইউএনওর গাড়িবহর ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয়, এবং পরে রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়। শুক্রবার (১৮ জুলাই) দুপুর ২টা থেকে আবারও কারফিউ জারি করা হয়েছে, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
শুক্রবার সরজমিনে দেখা গেছে, গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কাঁচা বাজার, ওষুধের দোকান ও ফলের দোকান খোলা রয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সমাবেশে পরিকল্পিত হামলা চালিয়েছে। তিনি বলেন, “যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জে এসেছি।” এ ঘটনার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি।

ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ জানিয়েছেন, “সহিংসতার বিষয়ে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। যারা আইনশৃঙ্খলা বিঘ্নিত করেছে, তাদের দুষ্কৃতকারী হিসেবে বিবেচনা করা হবে।” তিনি আরও বলেন, “বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।”
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঘটনার নিন্দা জানিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে। তারা বলেছে, “এই ঘটনা গণতান্ত্রিক অধিকার ও নাগরিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।”