মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৮ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক ফিরোজ জানান, সীমান্তে তিন যুবককে বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের ধরে নেওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
স্থানীয় সঞ্জবপুর এলাকার বাসিন্দারা জানান, ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে সাইদুর রহমান (২৬), আনু মিয়ার ছেলে সোহাগ (২৮) এবং সিপার (২২)। তাদের কেন ধরে নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে বিএসএফ কর্তৃক ধরে নেওয়ার তথ্য তিনি পেয়েছেন।
এদিকে, শুক্রবার বিকাল ৩টার দিকে বিজিবি জানিয়েছে, ধরে নেওয়া ব্যক্তিদের স্বজনরা থানায় মিসিং জিডি করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।