বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার, মানি লন্ডারিং মামলায় ১০ দিনের রিমান্ড
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে সোমবার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মঙ্গলবার দুপুরে বাশারকে আদালতে হাজির করে সিআইডি। মানি লন্ডারিং আইনের মামলায় তাঁকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাশারকে গ্রেপ্তার করে সিআইডি। গত ৪ মে গুলশান থানায় সিআইডি এই মামলাটি দায়ের করেছিল, যা বর্তমানে তদন্তাধীন। বাশারের বিরুদ্ধে বিদেশে উচ্চশিক্ষার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সিআইডির তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত খায়রুল বাশার তাঁর স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশারকে নিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গড়ে তোলেন। এই চক্র বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্কলারশিপ ও ভিসা প্রক্রিয়াকরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করেছে। ভুয়া ভিসা প্রসেসিং, মনগড়া প্রতিনিধিত্ব ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হতো। তবে অনুসন্ধানে জানা গেছে, অনেক শিক্ষার্থীর নামে বিদেশি বিশ্ববিদ্যালয়ে কোনো আবেদনই করা হয়নি। আবার কেউ কেউ বিদেশে গিয়ে নানাভাবে প্রতারিত হয়েছেন। সিআইডির তথ্যমতে, এখন পর্যন্ত ৪৪৮ জন ভুক্তভোগী প্রতারণার শিকার হওয়ার কথা জানিয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন ভুক্তভোগী বিভিন্ন থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছেন। সিআইডি জানায়, খায়রুল বাশার ও তাঁর পরিবারের সদস্যরা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রাখতেন এবং সেখান থেকে অর্থ উত্তোলন করে স্থাবর সম্পদ ক্রয়, ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে অর্থ স্থানান্তর করেছেন।