Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

রাজধানীতে আট বছরের পথশিশু ধর্ষণের শিকার, ওসিসিতে ভর্তি


রাজধানীতে আট বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত আটটার দিকে বনানী থানার মহাখালী এলাকার একটি হাসপাতালের পেছনে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক তাইয়েবা সুলতানা জানান, মঙ্গলবার সকালে শিশুটির ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
পুলিশ শিশুটির বরাত দিয়ে জানায়, গতকাল রাত আটটার দিকে এক অপরিচিত ব্যক্তি তাকে মহাখালী এলাকার একটি হাসপাতালের পেছনে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ওই ব্যক্তিকে পূর্ব থেকে চিনত না, তবে তাকে দেখলে চিনতে পারবে বলে জানিয়েছে। শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।