Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহেব আলী ঘোড়ামার গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে সাহেব আলী বাড়ির পাশের মদিনানগর জামে মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার ডাক-চিৎকারে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাহেব আলীর ছেলে মো. জয়নাল বলেন, “জমি-জমা ব্যবসার কারণে আমার বাবাকে খুন করা হয়েছে। আগে আমার বাবার মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।”
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, “বাড়ির পাশেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহতের ছেলেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানিয়েছেন, সাহেব আলী জমিজমার ব্যবসা করতেন। জমি-সংক্রান্ত বিরোধের কারণেই খুন হতে পারে। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান।”