Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

চানখাঁরপুলে ৬ জনকে হত্যা, ডিএমপির সাবেক কমিশনারসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন


ঢাকা, ১৪ জুলাই ২০২৫– জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১)। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এই অভিযোগ গঠনের আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল জানায়, আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠিত আট আসামির মধ্যে হাবিবুর রহমান ছাড়াও রয়েছেন সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, এবং কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। এই আসামিদের মধ্যে প্রথম চারজন—হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ্ আলম মো. আখতারুল ইসলাম এবং মোহাম্মদ ইমরুল—বর্তমানে পলাতক। অন্য চারজন—আরশাদ হোসেন, সুজন হোসেন, ইমাজ হোসেন এবং নাসিরুল ইসলাম—গ্রেপ্তার হয়েছেন এবং আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল মামলার সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করেছে, যেদিন মামলার মূল বিষয়বস্তু উপস্থাপন করা হবে। সাক্ষ্য গ্রহণের জন্য ১১ আগস্ট তারিখ নির্ধারিত হয়েছে।