চাকরি দেওয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা: পুলিশের এসআই পরিচয়ধারী যুবক গ্রেপ্তার
ঠাকুরগাঁও, ১৩ জুলাই ২০২৫: পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। র্যাব ঠাকুরগাঁও থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত যুবকের নাম রাজিউর রহমান (৪০)। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামের বাসিন্দা। রোববার সকালে র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী এক তরুণ সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছিলেন। রাজিউর নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। চাকরির জন্য ১২ লাখ টাকার চুক্তি করা হয়, যার মধ্যে প্রথমে ৬ লাখ টাকা এবং অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাওয়ার পর বাকি টাকা দেওয়ার শর্ত ছিল। রাজিউরের পরামর্শে ভুক্তভোগী তার এসএসসি সার্টিফিকেট, দুটি ফাঁকা চেক এবং ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পাঠান। এরপর ৩ জুন সকালে রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক বাছাইয়ে অংশ নেন ভুক্তভোগী। কিন্তু তিনি প্রাথমিক বাছাইয়েই বাদ পড়েন। এরপর রাজিউরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি অধরা থাকেন। প্রতারিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ভুক্তভোগী রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব জানায়, মামলার পর র্যাব-৫ এবং র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার বন্দরপাড়া থেকে র্যাব-৫ এর সিপিএসসি এবং র্যাব-১৩ এর সিপিসি-১ এর একটি যৌথ দল রাজিউরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি পূর্বে কয়েকবার জেলেও গেছেন। গ্রেপ্তারের পর তাকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।