রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার পেছনে ছিল পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব। হত্যায় জড়িত ব্যক্তিরা এবং খুন হওয়া লাল চাঁদ পূর্বপরিচিত ছিলেন। স্বার্থগত দ্বন্দ্বের জেরে এই খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত লাল চাঁদের ওপর পাথর নিক্ষেপকারী দুজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লাল চাঁদ হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই সংবাদ সম্মেলন ডেকেছিলেন।
শেখ সাজ্জাত আলী বলেন, ঘটনা চলাকালে জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে অভিযুক্তরা মবের পরিবেশ তৈরির চেষ্টা করছিলেন এবং “চাঁদাবাজদের জায়গা নাই, ব্যবসায়ীদের ভয় নাই” স্লোগান দিচ্ছিলেন। ঘটনার পরই ঘটনাস্থল থেকে মহিন ও পাশের এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে পাথর নিক্ষেপকারী দুজনও রয়েছেন। এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো নাগরিকের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।
মামলার এজাহার নিয়ে বিভ্রান্তি সম্পর্কে শেখ সাজ্জাত আলী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এজাহার নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, প্রথমে লাল চাঁদের সাবেক স্ত্রী লাকি আক্তার এজাহার দিতে থানায় আসেন, এরপর তাঁর সৎভাইও আসেন। তারা পরামর্শ করে ২৩ জনকে আসামি করে একটি খসড়া এজাহার তৈরি করেন। এর মধ্যে লাল চাঁদের বড় বোন মঞ্জুয়ারা বেগম থানায় এসে এজাহার দাখিলের আগ্রহ দেখান। খসড়া এজাহার তাঁর সামনে উপস্থাপন করা হলে তাঁর মেয়ে এর ছবি তুলে রাখেন, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন। তিনি খসড়া থেকে পাঁচজনের নাম বাদ দিয়ে নতুন একজনের নাম যোগ করে ১৯ জনকে আসামি করেন। এই এজাহারের ভিত্তিতে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। তিনি জোর দিয়ে বলেন, এজাহার একটি প্রাথমিক তথ্যবিবরণী এবং তদন্তের মাধ্যমে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আশ্বাস দেন, এই নৃশংস ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
হত্যার কারণ সম্পর্কে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। লাল চাঁদ পূর্ববর্তী সরকারের সময়ে পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা করতেন। পরিস্থিতির পরিবর্তনের পর আরেকটি গ্রুপ এই ব্যবসায় জড়িয়ে পড়ে, যার ফলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। উভয় পক্ষই পূর্বে একে অপরের পরিচিত ছিল।
গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাঁকে মারধর করা হয়, ইট-পাথর দিয়ে আঘাত করা হয় এবং মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করা হয় এবং কেউ কেউ তাঁর শরীরের ওপর উঠে লাফান। ১০ জুলাই কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে মামলাটি করেন, যেখানে ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।