Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

জমি নিয়ে বিরোধে যুবককে হত্যা, বাবা-ছেলেসহ ৪ জনের যাবজ্জীবন


পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বাদশা শেখ নামে এক যুবককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ জুলাই) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মুজিবুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই নারী আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আকন বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্য হোগলাবুনিয়া গ্রামের হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে মাজেদুল ইসলাম ডালিম (৪১) ও সেলিম শেখ (৪৬) এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)। তবে মামলা চলাকালীন হাতেম আলী শেখ মারা যান। খালাসপ্রাপ্তরা হলেন হাতেম আলী শেখের স্ত্রী সেফালি বেগম (৫৬) এবং জাহাঙ্গীর শেখের স্ত্রী হাসি বেগম (৩৮)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাদশা শেখ ধান শুকানোর জন্য যাওয়ার পথে প্রতিপক্ষের ১৪-১৫ জন লোক তার ওপর হামলা করে। হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। নাজিরপুর থানা পুলিশের সহায়তায় স্বজনরা বাদশাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত বাদশা শেখের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ২০১৮ সালের ২১ মার্চ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যার অপরাধে আদালত ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে এদের মধ্যে হাতেম আলী শেখ মামলা চলাকালীন মারা যান। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।”