জমি নিয়ে বিরোধে নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলের প্রাণহানি
নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর শেখ (৫৫) ও তার ছেলে নাহিদ শেখ (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন।বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাহিরপারা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখ ও কাউসার শেখ ওরফে মান্দার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে জাহাঙ্গীর শেখ পাট কাটতে মাঠে গেলে মান্দার শেখ ও তার ছেলেদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় মান্দার শেখ ও তার ছেলেরা জাহাঙ্গীর শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া, জাহাঙ্গীরের ছেলে নাহিদকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা নাহিদকে নড়াইল সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেলে নাহিদ মারা যান। প্রতিপক্ষের কাদের নামে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এই সংঘর্ষ হয়। “এক পক্ষ জমিতে কাজ করতে গেলে অপর পক্ষ হামলা চালায়। এতে দুই পক্ষেরই লোকজন আহত হয়। কৃষক জাহাঙ্গীর ঘটনাস্থলে নিহত হন, এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার ছেলে নাহিদ ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন।” এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।