Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

যাত্রাবাড়ীতে গ্রিল কেটে বাসায় ঢুকে এক ব্যক্তিকে হত্যা, গুরুতর আহত স্ত্রী

রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় গ্রিল কেটে বাসায় ঢুকে এক ব্যক্তিকে হত্যা এবং তাঁর স্ত্রীকে গুরুতর আহত করে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম ইসমাইল খান (৮০)। এ ঘটনায় তাঁর স্ত্রী সালেহা বেগম (৭৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। ইসমাইল খানকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর স্ত্রী সালেহা বেগমকে ছুরিকাঘাত করা হয়। সকাল ৬টার দিকে স্বজনেরা তাঁদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। সালেহা বেগম বর্তমানে চিকিৎসাধীন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, এই দম্পতি বিবিরবাগিচা এলাকার একটি চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করতেন। ভোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা গ্রিল কেটে বাসায় প্রবেশ করে এই হামলা চালায়। ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তদন্ত চলছে।