Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড


মানিকগঞ্জ পৌর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া, তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বাড়ি যশোর সদর উপজেলায়। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নিকটজন ছিল। ২০১৯ সালের ৩১ আগস্ট রাতে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করেন সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) হুমায়ুন কবির। তিনি জানান, মামলায় সব নথিপত্র ও সাক্ষীদের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।