Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

পাবনায় বালু মহাল দখল নিতে আবারও গুলিবর্ষণ, রাখাল গুলিবিদ্ধ


পাবনার ঈশ্বরদীতে বালু মহাল দখল নিতে ফিল্মি স্টাইলে আবারও এলোপাতাড়ি গুলিবর্ষণের অভিযোগ উঠেছে লালপুরের কাকন বাহিনীর বিরুদ্ধে। এতে সোহান হোসেন (২৮) নামে এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১২ জুলাই) সকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া ও ইসলামপাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহান মোল্লা ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরীপাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকার বালু মহাল নিয়ন্ত্রণ করছেন লালপুরের সন্ত্রাসী বাহিনীখ্যাত ‘কাকন বাহিনী’। অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাঁড়া ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেই ঘাট নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয় তারা। এই ঘাটে গত ৫ জুন ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কয়েকদিন থেমে ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার সকালে আবারও ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী। স্পিডবোট ও নৌকার মাধ্যমে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘাস কাটতে গিয়ে গরুর রাখাল সোহান হোসেন গুলিবিদ্ধ হন। আহত রাখাল সোহান হোসেন বলেন, “আমি গরুর ঘাস কাটছিলাম। এ সময় একটা স্পিডবোট এবং নৌকা থেকে হঠাৎ ঘাটে গুলিবর্ষণ শুরু করে। আমি তখন একটু উপরে হয়ে দেখতে গিয়েই গুলি এসে আমার হাতে লাগে। আমি তখন শুয়ে পড়ি। পরে লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।” এ ঘটনার পরপরই ঘাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকালে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “ঘটনার শুনেই আমরা ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন রাখাল গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনো পাইনি। ঘটনার তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।” সাঁড়া ঘাটের সরকারি বৈধ ইজারাদার মেহেদী হাসান ও টনি বিশ্বাস জানান, “লালপুরের আওয়ামী লীগ নেতা কাকন ও ঈশ্বরদী যুবলীগের যুগ্ম-সম্পাদক মিলন চৌধুরী সন্ত্রাসী বাহিনী দিয়ে বৈধ-অবৈধ সব বালু মহাল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা সরকারি খাতে টাকা দিয়ে বৈধভাবে বালু ব্যবসা করছি। তারা আমাদের কাছে চাঁদা চায়। দিতে অস্বীকৃতি জানালে বারবার এভাবে গুলিবর্ষণ করছে। এভাবে কী ব্যবসা করা যায়? শুধু আমরা নয়, স্থানীয় কৃষকরাও কাজ করতে পারছেন না। তাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন।” এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কাকন ও ঈশ্বরদী যুবলীগের যুগ্ম-সম্পাদক মিলন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া যায়নি