Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ভৈরবে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানার মালিক গ্রেপ্তার


কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে একটি জুতা কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সোয়া ১২টার দিকে উপজেলা কমপ্লেক্স সড়কের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম নাছির মিয়া (৪২)। তাঁকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অভিযোগকারী নারী (২৫) কয়েক বছর ধরে ওই কারখানায় কাজ করতেন। কর্মস্থলে আসা-যাওয়ার সুবাদে নাছির তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি কয়েক মাস ধরে তাঁকে ধর্ষণ করেন। এর মধ্যে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু নাছির তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ওই নারী গত রোববার ভৈরব থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগকারী নারী বলেন, ‘নাছির আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু আমি তা চাইনি। নানাভাবে নিজেকে রক্ষার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করেন। এখন আমি তিন মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় মামলা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না।’ ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) তালেব হোসেন জানান, অভিযোগকারী নারীর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।