Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

অর্থ সংকটেও দ্বিতল মহাসড়কের ‘স্বপ্ন’

অন্তর্বর্তী সরকার দেশের ৬৪ জেলাকে সংযুক্ত করে উড়াল মহাসড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছে। এই পরিকল্পনার অংশ হিসেবে মূল সড়কের ওপর দ্বিতল সড়ক ব্যবস্থা তৈরি করা হবে, এমনকি কোথাও কোথাও কয়েক তলার সড়ক নির্মাণের ভাবনাও রয়েছে। এর ফলে সারা দেশে বাধাহীনভাবে পণ্যবাহী যান চলাচলের সুযোগ তৈরি হবে। এই বিশাল কর্মযজ্ঞের শুরু হবে ঢাকা-চট্টগ্রাম উড়াল মহাসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণের মাধ্যমে। তবে, অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যয় সংকোচনের নীতি থেকে সরকার কি তাহলে সরে আসছে—এমন প্রশ্ন উঠেছে।

গত ২৭ এপ্রিল ‘সেতু বিভাগের আওতাধীন চলমান, প্রক্রিয়াধীন এবং পরিকল্পনাধীন বৃহত প্রকল্প সংক্রান্ত পর্যালোচনা’ সভায় ৬৪ জেলাকে উড়াল মহাসড়কের আওতায় আনার নীতিগত সম্মতি দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সভার কার্যবিবরণীতে বলা হয়, ‘দেশের ৬৪ জেলাকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য দ্রুত উদ্যোগ নিতে হবে।’

সভা সূত্রে জানা গেছে, দেশের সব জেলাকে কেন্দ্র করে ‘ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল’ পরিবহন ব্যবস্থা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে উড়াল মহাসড়ক নির্মাণের ভাবনা রয়েছে, যার প্রথম ধাপ হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। একজন উচ্চপদস্থ কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘এখন ইচ্ছামতো আলাদা আলাদা সড়ক তৈরি হচ্ছে। এগুলো বন্ধ করতে একটি বড় পরিকল্পনা করা হচ্ছে, যাতে নৌ, রেল ও সড়কপথ এক সুতোয় আনা হবে।’
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘আমরা একটি হাব নির্মাণের চিন্তা করছি, যেখানে রেল, নৌ ও সড়কপথ—সবই থাকবে। প্রয়োজনীয় সংযোগ নিশ্চিত করতে কাজ চলছে।’ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘উড়াল মহাসড়ক নির্মাণ হলে নিচের সড়কে চাপ কমবে, পণ্যবাহী যান দিন-রাত বাধাহীন চলাচল করতে পারবে এবং অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’

তবে, সরকারের আগের ঘোষণা অনুযায়ী বড় প্রকল্পে না যাওয়ার কথা থাকলেও এই পরিকল্পনা সেই নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। গত বছরের ১৮ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ‘মেগা প্রকল্পের পরিবর্তে জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্প নেওয়া হবে।’ কিন্তু নতুন নতুন প্রকল্প একনেকে পাস হচ্ছে এবং আরও বড় প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে।
এ বিষয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘শুধু জরুরি প্রকল্পগুলো করা হচ্ছে। আমরা ৫০ হাজার কোটি টাকার ব্যয় কমিয়েছি এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়েছি। ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল হাব জরুরি।’

অর্থনীতিবিদ জাহিদ হোসেন কালবেলাকে বলেন, ‘স্বপ্ন দেখা ভালো, কিন্তু করদাতার অর্থে স্বপ্ন দেখার আগে ভাবতে হবে। এত বড় প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে অনেক টাকা খরচ হবে। স্বল্পমেয়াদি সরকারের এই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। চলমান প্রয়োজনীয় কাজ শেষ করে যাওয়াই উচিত।’