Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

চুরির টাকা ভাগাভাগি নিয়ে যুবককে হত্যা, গ্রেফতার ৩

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে। এ ঘটনায় নিহতের বাবা শুক্রবার (১৮ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, যেখানে সাতজনকে আসামি করা হয়েছে। এই মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। তিনি জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম, নৈশ প্রহরী আলমগীর হোসেন এবং আকাশ। এদের মধ্যে জাহাঙ্গীর আলমকে র‍্যাব-১১ এর সদস্যরা গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী এলাকা থেকে জনির মরদেহ উদ্ধার করা হয়। নিহত জনিসহ কয়েকজনের একটি দল নিমাইকাশারী ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চুরি-ছিনতাই করে আসছিল। গত ১৪ জুলাই রাত ২টার দিকে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন মিলে জনিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং তার মরদেহ তাকওয়া টাওয়ার নামক একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে জমে থাকা পানিতে ফেলে দেয়।