Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

সূত্রাপুরে গ্যাস বিস্ফোরণ: এক সপ্তাহে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন বাবা, মা ও তাদের তিন সন্তান। এই মৃত্যুগুলো এক সপ্তাহের মধ্যে ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. রিপন (৩৫)। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে, সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিপনের এক বছরের শিশু মেয়ে আয়েশা, যার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যায় রিপনের ১৪ বছরের ছেলে রোকন, যার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। বুধবার রাতে মারা যায় ২২ বছর বয়সি আরেক ছেলে তামিম, যার শরীরে ৪২ শতাংশ দগ্ধ ছিল।

বৃহস্পতিবার দুপুরের দিকে দগ্ধ মা চাঁদনী (২৮), যার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল, তাকে গুরুতর অবস্থায় পরিবারের জিম্মায় হাসপাতাল থেকে পটুয়াখালীর রাঙ্গাবালীতে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে তার অবস্থার অবনতি হলে সেখানেই তিনি মারা যান। এ নিয়ে একই পরিবারের সব সদস্যই মৃত্যুবরণ করেছেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার ভোররাতে সূত্রাপুর থেকে একই পরিবারের পাঁচজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তারা হলেন— মো. রিপন, তার স্ত্রী চাঁদনী এবং তাদের তিন সন্তান তামিম, রোকন ও আয়েশা।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন জানান, তার ভাগ্নে পেশায় ভ্যানচালক ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ বিস্ফোরণে ঘরটি উড়ে যায়। তিনি বলেন, “আমাদের ধারণা, গ্যাস লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটে।” তিনি আরও জানান, এই দুর্ঘটনায় তার ভাগ্নের তিন সন্তান, ভাগ্নে রিপন এবং সর্বশেষে তার স্ত্রী চাঁদনী মারা গেছেন।