সুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে পানিতে ডুবে এবং নৌকা ডুবির ঘটনায় এই মৃত্যুগুলো ঘটে।
পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু
শুক্রবার সকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের নওনাগর গ্রামে পানিতে ডুবে বিলকিস আক্তার (২৮) ও তার দুই বছরের মেয়ে বিথীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামে। স্থানীয় সূত্র জানায়, বিলকিস মধ্যনগরের আলমপুর ও আশপাশের গ্রামে ভিক্ষা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভিক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। ধারণা করা হচ্ছে, ফেরার পথে নওনাগর গ্রামের পাশের একটি পানিতে ডুবে যাওয়া রাস্তা পার হওয়ার সময় মা ও মেয়ে পানিতে তলিয়ে যান। শুক্রবার সকালে এক পথচারী ডুবন্ত রাস্তায় মা-মেয়ের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, “পথচারীদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করি। পানিতে ডুবে মারা যাওয়ায় তাদের আত্মীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
নৌকা ডুবিতে বৃদ্ধার মৃত্যু
অপরদিকে, মধ্যনগরে ২৫-৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবির ঘটনায় শামছুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।
ওসি মনিবুর রহমান জানান, শুক্রবার সকালে স্বরসতীপুর থেকে ছাদযুক্ত একটি নৌকায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে মধ্যনগরের উদ্দেশে রওনা হয়। নৌকাটি পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছালে প্রবল স্রোতে হঠাৎ ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও শামছুন্নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা তল্লাশি চালিয়ে নৌকার ছাদের ভেতর থেকে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।