Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন হবে: কুমিল্লায় শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটি এক দিনও পিছাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত আন্তর্জাতিক ইভেন্ট ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’-তে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানটি কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে আয়োজিত হয়।

শফিকুল আলম বলেন, “নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়সীমার কথা বলেছেন, ঠিক সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। এটি এক দিনও পিছাবে না। আপনারা দেখবেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচনের পরিবেশ ঠিক করা হবে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। কেউ যেন বলতে না পারে তাঁর প্রতি অন্যায় করা হয়েছে।”

প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। অন্যান্য দেশে এ ধরনের সিদ্ধান্তে তিন-চার বছর সময় লাগে। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর বিচক্ষণতার কারণে ইতোমধ্যে আটটি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। সাতটি বিষয়ে আলোচনা চলছে এবং তিনটি বিষয়ে এখনো আলোচনা শুরু হয়নি। আমরা বিশ্বাস করি, প্রতিটি বিষয়ে ভালো সিদ্ধান্ত আসবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুল আলম বলেন, “সরকার চেষ্টা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। প্রতিটি ঘটনার পরেই আমাদের ভালো ফলাফল রয়েছে। কেউ বলতে পারেনি এমন কোনো ঘটনা ঘটেছে যে অপরাধীকে ধরা হয়নি। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই অপরাধী আইনের আওতায় এসেছে এবং আমরা দ্রুত কাজ করছি। বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা দ্রুত বিচারের ব্যবস্থা করছি।”

গোপালগঞ্জকে আলাদা করার বিষয়ে প্রশ্নে তিনি বলেন, “গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ। দেশের সব জেলার মানুষ এক। এই সরকার কারও প্রতি বৈষম্য করে না। তাই গোপালগঞ্জকে আলাদা করার কোনো সিদ্ধান্ত নেই। সরকার দেশের সব মানুষের প্রতি সমানভাবে সুবিচার নিশ্চিত করছে।”

৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না যে ৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা হবে কি না। তবে আমরা এটি নিয়ে কাজ করছি। অন্যান্য দেশে এ ধরনের রাজনৈতিক সমঝোতা পৌঁছাতে কয়েক বছর সময় লাগে। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলগুলো প্রায় প্রতিদিন এ নিয়ে আলোচনা করছে। যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি, সেগুলোতে সবাইকে একমত করার চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা হবে।”

এই ইভেন্টে সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি, সাংবাদিকতা, সংগীত, উদ্যোক্তাসহ বিভিন্ন খাতের ১১ জন বক্তা তাঁদের জীবনের অভিজ্ঞতা, চিন্তাভাবনা এবং অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘দ্য নেক্সট ওয়েভ’, যার অর্থ পরবর্তী সম্ভাবনার তরঙ্গ নিয়ে ভাবনার দিকনির্দেশনা। বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী, সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন প্রমুখ।

আয়োজকরা জানান, টেডএক্স হলো টেড-অনুমোদিত একটি প্ল্যাটফর্ম, যার মূলমন্ত্র ‘আইডিয়াস চেঞ্জ এভরিথিং’। টেড হলো আমেরিকাভিত্তিক একটি অলাভজনক মিডিয়া সংস্থা, যারা বিশ্বব্যাপী বিভিন্ন ইভেন্ট ও কনফারেন্সের আয়োজন করে বিখ্যাত ও ভিন্নধর্মী কাজে যুক্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানায়। এই বক্তারা তাঁদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা ও সমাজের ইতিবাচক বিষয় নিয়ে ১৮ মিনিটের বক্তৃতা দেন।

এর আগে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে টেডএক্সের প্রথম ইভেন্ট অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের ১৭ এপ্রিল এই বিশ্ববিদ্যালয় টেডএক্স ইভেন্ট আয়োজনের অনুমোদন পায়।