Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার: ডিএমপি

রাজধানীর মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আবদুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আবদুল জলিল (৪০), মতিন খান (৩৭) এবং পরেশ অধিকারী (৩৫)। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কালো রঙের র‍্যাব লেখা জ্যাকেট, একটি কালো রঙের ওয়াকিটকি এবং একটি হাতকড়া উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায় যে, মতিঝিলের বলাকা চত্বর এলাকায় কিছু দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তবে, চার-পাঁচজন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী গ্রাহকদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতি করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।