মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ জন গ্রেপ্তার, ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি ধরা পড়েছে
ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর মা ও দুই সন্তান হত্যা মামলার পলাতক প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি নজরুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামের বাসিন্দা।
নিহতরা হলেন—গৃহবধূ ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)। প্রধান আসামি নজরুল ইসলাম নিহত ময়না আক্তারের দেবর।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিমুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ময়মনসিংহের ভালুকায় বহুল আলোচিত মা ও দুই সন্তান হত্যার ঘটনায় আসামি নজরুল ইসলামকে বিকেল ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১৩ জুলাই) ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় পোশাক শ্রমিক রফিকুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে রফিকুল ইসলামের ভাই নজরুল ইসলাম পলাতক ছিলেন।
উল্লেখ্য, আসামি নজরুল ইসলাম ও নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম দুই ভাই। তারা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামের বাসিন্দা। রফিকুল ভালুকায় স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। একটি রুমে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন, আর পাশের রুমে ছিলেন তার ছোট ভাই নজরুল ইসলাম।
রোববার (১৩ জুলাই) রাতের কাজ শেষে সকালে বাসায় ফিরে রফিকুল দেখেন, বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তার ছোট ভাই নজরুল ইসলাম ততক্ষণে পালিয়ে যান।