Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার, যাত্রী আটক

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকা মূল্যের ৮.৬৬ কেজি কোকেন উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত বিভাগ। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে দোহা থেকে আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাতার এয়ারলাইন্সের ফ্লাইট কিউআর৬৩৮-এ অভিযান চালানো হয়। ফ্লাইটটি বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সন্দেহভাজন যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। পরে ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রীন চ্যানেলে তার ব্যাগেজ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ের পর যথাযথ প্রক্রিয়ায় ইনভেন্টরি করা হলে প্লাস্টিকের তিনটি জারে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইনভেন্টরি ও প্রাথমিক পরীক্ষার সময় বিমানবন্দর থানার দুজন উপপরিদর্শকসহ (এসআই) অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮.৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা বিভাগ জানিয়েছে, মাদকসহ যাত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস অ্যাক্টের আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।