অভিযুক্তরা হলেন ইসরাফিলের স্ত্রী পারভিন আক্তার, তার বোন সাবিনা বেগম, ভাই আব্দুর রউফ ও বুলবুল হোসেন, দুলাভাই মিজানুর রহমান, ভাবী ছওদা বেগম ও বিউটি বেগম, বাবা একাব্বর হোসেন এবং পারভিনের প্রেমিক হাসান আলী।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ধাওয়াস গ্রামের ফরিদ হোসেনের ছেলে ইসরাফিল প্রায় ১৬ বছর আগে পারভিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের তিন বছর পর স্ত্রীর পরামর্শে তিনি মালয়েশিয়ায় যান। প্রবাসে ১৩ বছরের কঠোর পরিশ্রমে প্রায় ৮০ লাখ টাকা স্ত্রীর ব্যাংক হিসাবে জমা করেন। এদিকে, স্বামীর দীর্ঘ অনুপস্থিতির সুযোগে পারভিন হাসান আলী নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ইসরাফিলের দেশে ফেরার খবরে পারভিন তাকে তালাক দিয়ে প্রেমিক হাসান আলীর সঙ্গে পালিয়ে যান।
ইসরাফিল জানান, তালাকের পরও তিনি পারভিনের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চান। কিন্তু পারভিন নানা অজুহাতে টাকা ফেরত দিতে টালবাহানা করেন। তিনি বলেন, “মালয়েশিয়ায় থাকাকালে পারভিন পরকীয়ায় জড়িয়ে পড়েন। নানা অজুহাতে আমাকে দেশে ফিরতে নিষেধ করেন। দেশে ফিরতে চাইলে প্রেমিক ও তার পরিবারের প্ররোচনায় আমাকে তালাক দেন এবং হাসান আলীকে বিয়ে করেন। আমার পাঠানো প্রায় ৮০ লাখ টাকা ফেরত দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। গ্রামের মুরুব্বিদের দ্বারে দ্বারে ঘুরছি।”
অভিযুক্ত পারভিন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, শিগগির ইসরাফিলের টাকা ও তার টাকায় কেনা সম্পদ ফেরত দেওয়া হবে। তবে এজন্য তাদের কিছু সময় প্রয়োজন।
নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, “এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”