Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ফরিদপুরের ভাঙ্গায় রেদওয়ান হত্যার রহস্য উন্মোচন: আইফোন চুরির ক্ষোভে বন্ধুর হাতে খুন

 ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে রেদওয়ান (২৫) হত্যার রহস্য উন্মোচন করেছে র‍্যাব ও পুলিশ। তদন্তে জানা গেছে, আইফোন চুরির পূর্বের ক্ষোভের জেরে ঘনিষ্ঠ বন্ধু জহুরুল মুন্সীর (২৬) হাতে খুন হন রেদওয়ান।

রেদওয়ান সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের সৌদি প্রবাসী আবু বক্কর সোহেল মিয়ার ছেলে। অভিযুক্ত জহুরুল মুন্সী ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামের ভ্যানচালক লোকমান মুন্সীর ছেলে।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, রেদওয়ান ও জহুরুল শিবচরের একটি আলিয়া মাদ্রাসায় দাখিল পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছিলেন এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। রেদওয়ানের একটি আইফোন মাদ্রাসায় থাকাকালীন চুরি হয়। রেদওয়ান থানায় ডায়েরি করলে পুলিশ ফোনটি জহুরুলের কাছ থেকে উদ্ধার করে। এই ঘটনা জহুরুলের মনে ক্ষোভের জন্ম দেয়।

মাদ্রাসার পড়াশোনা শেষে জহুরুল ঢাকার একটি প্রাইভেট কলেজে ভর্তি হন, আর রেদওয়ান ফরিদপুর পলিটেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। গত ১৩ আগস্ট জহুরুল ফোন করে রেদওয়ানকে তার গ্রামের বাড়ি চাড়ালদিয়ায় আসতে বলেন। রেদওয়ান সন্ধ্যার পর জহুরুলের বাড়িতে যান। গল্প করার একপর্যায়ে জহুরুল রেদওয়ানের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। রেদওয়ান মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে তার শরীরে আরও ছুরিকাঘাত করা হয়। পরে জহুরুল রেদওয়ানের লাশের সঙ্গে বালুর বস্তা বেঁধে বাড়ির পাশের ডোবায় ফেলে দেন।

রেদওয়ান বাড়ি না ফেরায় তার মা ১৪ আগস্ট সদরপুর থানায় নিখোঁজের ডায়েরি করেন। চার দিন পর, ১৭ আগস্ট বিকেলে চাড়ালদিয়া বিলে রেদওয়ানের অর্ধগলিত লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে, এবং পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

র‍্যাব-১০-এর একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় জহুরুলকে তার বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে জহুরুল হত্যার কথা স্বীকার করে। এ সময় হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল, মানিব্যাগ, পোশাক ও ছুরি জব্দ করা হয়।

র‍্যাব-১০-এর কমান্ডার অফিসার তরিকুল ইসলাম জানান, “রেদওয়ান ও জহুরুল ঘনিষ্ঠ বন্ধু ছিল। জহুরুলের বসতঘরেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। মোবাইল চুরির ঘটনা নিয়ে জহুরুলের ক্ষোভ ছিল, যা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।”

ভাঙ্গা থানার তদন্তকারী অফিসার (এসআই) রামপ্রসাদ জানান, “গত রাত ১২টায় রেদওয়ানের মা রাবেয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আমরা এখনো আনুষ্ঠানিকভাবে আসামির নাম পাইনি, তবে শুনেছি র‍্যাব তাকে আটক করেছে।”