জামালপুরের মাদারগঞ্জে গলায় সুপারি আটকে সাফুয়ান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি শিশু সাফুয়ান মায়ের সঙ্গে নানা সুরুজ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে ঘরে খেলার সময় হঠাৎ আস্ত একটি সুপারি মুখে নেয় শিশুটি। সুপারি গলায় আটকে শ্বাসরোধ হয়ে যায় তার।
পরিবারের লোকজন সুপারি বের করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মঞ্জরুল বারী রাকিব জানান, শিশুটির গলায় বড় একটি সুপারি পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই শ্বাসরোধে মারা যায় সে।