পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রূপলালের মেয়ে দুপুর দাসের সঙ্গে মিঠাপুকুরের শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে দীপজল দাসের বিয়ের জন্য রোববার তারিখ নির্ধারণের কথা ছিল। এ উপলক্ষে প্রদীপ দাস নিজের ভ্যান নিয়ে মিঠাপুকুর থেকে রূপলালের বাড়ির উদ্দেশে রওনা হন। পথ ভুলে তিনি সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় পৌঁছান এবং রূপলালকে ফোন করেন। রূপলাল তার সঙ্গে যোগ দেন, এবং তারা একসঙ্গে ভ্যানে করে ঘনিরামপুরের দিকে যাত্রা শুরু করেন।
রাত ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদের ভ্যান চোর সন্দেহে আটক করে। এরপর দ্রুত লোকজন জড়ো হওয়ায় পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। প্রদীপের ভ্যানে থাকা একটি বস্তা থেকে চারটি ছোট প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। একটি বোতল খুললে তরল পদার্থের গন্ধে পাশারিপাড়ার ভ্যানচালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান অসুস্থ হয়ে পড়েন। এতে স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়।
সন্দেহের জেরে তাদের মারধর শুরু হয়। বটতলা থেকে মারতে মারতে তাদের বুড়িরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে যাওয়া হয়। মারধরের একপর্যায়ে তারা অচেতন হয়ে পড়লে তাদের সেখানে ফেলে রাখা হয়। রাত ১১টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রূপলাল দাসকে মৃত ঘোষণা করা হয়। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভোররাতে তিনিও মারা যান। রূপলালের ভাই খোকন দাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, “গণপিটুনির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।”