কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে আলম হোসেন (৫৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিসের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আলম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার দহকোলা গ্রামের মৃত শহর আলী শেখের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
নিহতের ভাই এনামুল হক বলেন, “প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় আলম খাদ্য নিয়ন্ত্রকের অফিসে যান। মঙ্গলবার সকালে আমরা জানতে পারি তিনি ঘুম থেকে উঠছেন না। এরপর আমরা অফিসে গিয়ে পুলিশের সহায়তায় দরজা ভেঙে তার লাশ উদ্ধার করি। আমরা মনে করি, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ বিষয়ে কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।”
কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান জানান, “সকাল ৮টার দিকে ঝাড়ুদার আজিজুর রহমান অফিসে এসে আলমকে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া পাননি। আমরা পুলিশ ও তার পরিবারকে খবর দিই। সকাল ৯টার দিকে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।”
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি। তারা এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করছে।”