Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

রাখালগাছির মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, দ্রুত সমাধানের দাবি

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা পাড়ের রাখালগাছি এলাকা। চারদিকে শুধু পানি আর পানি। এই পানির মধ্যে জেগে ওঠা একটি চরে বসবাস করছেন হাজার হাজার মানুষ। তবে তারা দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা ও জরুরি সেবা থেকে বঞ্চিত। বিশেষ করে বর্ষাকালে সমস্যা চরমে পৌঁছায়। কবরস্থান নিচু হওয়ায় পানিতে তলিয়ে যায়, ফলে মৃতদেহ ভাসিয়ে দিতে হয়।

রাখালগাছি এলাকায় যাতায়াতের জন্য নৌকা বা ইঞ্জিনচালিত ট্রলারই একমাত্র ভরসা। উপজেলা থেকে এখানে পৌঁছাতে ২-৩ ঘণ্টা সময় লাগে, যার বেশিরভাগ সময় নদী পার হতেই ব্যয় হয়। রাস্তাগুলো বেহাল ও চলাচলের অনুপযোগী। শিক্ষার কোনো ব্যবস্থা নেই, হাসপাতালে যেতে ২ ঘণ্টারও বেশি সময় লাগে। অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাবে ঝুলন্ত টয়লেট ব্যবহার করতে হচ্ছে। বাল্যবিবাহও প্রতিনিয়ত ঘটছে।

স্থানীয় বাসিন্দা সাইমদ্দিন প্রামানিক বলেন, “বর্ষার সময় পানি আসলে লাশ ভাসিয়ে দিতে হয়। কবরস্থান নিচু হওয়ায় পানিতে তলিয়ে যায়। আমরা নিজেরা একটি কবরস্থান করেছি, তবে তা অপ্রতুল।” ঝর্ণা বেগম বলেন, “নৌকা ছাড়া আমাদের চলার উপায় নেই। প্রতি মাসে ডাক্তার এলে আমরা উপকৃত হতাম। আমরা খুব অসহায়।” বাবু মাতুব্বর বলেন, “রাস্তাগুলো ভেঙে গেছে, চলাচল করা কঠিন। কৃষিকাজের জন্য রাস্তা মেরামত জরুরি, কিন্তু কেউ এগিয়ে আসেনি।”

গোয়ালন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন বলেন, “এলাকাটি দুর্গম হওয়ায় স্কুল স্থাপনের নীতিমালা মেনে চলতে হয়। অনেক শিশু পরিবারের সঙ্গে কাজ করে, তাই স্কুলে আসে না। আমরা তাদের স্কুলমুখী করার চেষ্টা করছি।” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, “যোগাযোগ সমস্যার কারণে এখানকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা গেলে সমস্যা অনেকটাই কমবে। এ বিষয়ে উচ্চ মহলে জানানো হয়েছে।” গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান বলেন, “দুর্গম ও নদীভাঙনের কারণে সেবা প্রদানে কিছুটা বিঘ্ন ঘটে। তবে আমরা ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি। কবরস্থানের বিষয়টি আমাদের নজরে আছে।”

রাখালগাছির মানুষ দ্রুত নাগরিক সুবিধা ও জরুরি সেবার দাবি জানিয়েছেন।