Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

চাকরির প্রলোভনে প্রতারণা: ৭ প্রতারক গ্রেপ্তার

চাকরি দেওয়ার নামে ফাঁদে ফেলে প্রতারণা করার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাজধানীর শেওড়াপাড়া ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বিপ্লব খান (৩৩), ফারিন তানহা ওরফে তোফা (২৯), শম্পা আক্তার (২৪), শাহ মোহাম্মদ জোবায়ের ওরফে অভিক (২৩), আল-মাসুদ (৩২), মনিকা আক্তার (১৮) ও আবু সুফিয়ান (২৭)।

ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ আগস্ট থেকে শরীয়তপুরের মোহাম্মদ রহমান ও বান্দরবানের মনির উদ্দিন মোহাম্মদপুরের নুরজাহান রোডে এসপিসি থেরাপি সেন্টারে চিকিৎসা নিচ্ছিলেন। শয্যাশায়ী হওয়ায় তাদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। রহমান গাড়িচালক ও মনির কক্সবাজারে চীনা প্রকল্পে দোভাষী। চাকরি খুঁজছিলেন রহমান। ১৯ আগস্ট মনির তাকে ফেসবুকে একটি গাড়িচালক চাকরির বিজ্ঞাপন থেকে নম্বরে যোগাযোগ করতে বলেন।

সন্ধ্যায় মিরপুরের ৬০ ফুট বারেক মোল্লার এলাকায় গিয়ে তাদের এক যুবকের সঙ্গে দেখা হয়। চাকরির কথাবার্তার পর তাদের শেওড়াপাড়ার এক বাড়ির ষষ্ঠ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আটক করে মারধর করা হয়, তিন নারীকে পাশে বসিয়ে ভিডিও করা হয়। প্রতারকরা ১১ হাজার টাকা, ৫৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ে ও দুটি মোবাইল নিয়ে নেয়। ভিডিও ভাইরাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনা ডিবি মিরপুর বিভাগের নজরে আসলে অভিযানে সাতজন গ্রেপ্তার হয়। মনিরের একটি মোবাইল উদ্ধার হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি মোবাইল জব্দ হয়। তাদের স্বীকারোক্তিতে জানা গেছে, ফেসবুক, ইমো ও টেলিগ্রামে রিয়েল সার্ভিস ও চাকরির প্রলোভনে অনৈতিক অর্থ সংগ্রহ করা হত। ভুক্তভোগীদের আত্মসম্মানের ভয়ে অভিযোগ না করায় চক্রটি প্রতারণা চালিয়ে গিয়েছিল।