Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

হার্টের রিংয়ের নতুন দাম ১ অক্টোবর থেকে কার্যকর: ওষুধ প্রশাসন অধিদপ্তর

 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত হার্টের রিং (স্টেন্ট), পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ বিভিন্ন মেডিকেল ডিভাইসের নতুন দাম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন। তিনি বলেন, “জীবন রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইসের দাম সহনীয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার পদক্ষেপ নিয়েছে। গত ১৩ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় বরেণ্য কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটি তিন দফা সভার পর আমেরিকান তিনটি কোম্পানির স্টেন্টের মূল্য পর্যালোচনা করে। প্রতিবেশী দেশের দাম, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য চার্জ বিবেচনায় এনে ৮ জুলাইয়ের সভার সুপারিশের ভিত্তিতে ৩ আগস্ট স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করা হয়।”

ডা. আকতার হোসেন জানান, নতুন দামে স্টেন্ট কিনলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। তবে কিছু আমদানিকারকের কাছে পুরোনো দামের মজুত থাকায় তারা বাস্তবায়নের জন্য সময় চেয়েছিল। কিন্তু গণমাধ্যমে দাম কমার খবর প্রকাশিত হওয়ায় হাসপাতালগুলোতে নতুন দামের পণ্যের জন্য রোগীদের চাপ বেড়েছে। তিনি বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। পাশাপাশি বিশেষজ্ঞ কমিটির পরামর্শে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিকেল ডিভাইসের দাম যৌক্তিকভাবে পুনঃনির্ধারণের কাজ চলবে।”