পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে নাসরিন (১৬) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নিজ ঘরে এ ঘটনা ঘটে। নাসরিন হক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী এবং দিনমজুর এসকেন্দার মিয়ার মেয়ে।
নাসরিন মৃত্যুর আগে দেড় পৃষ্ঠার একটি হৃদয়বিদারক চিরকুট লিখে গেছে। চিরকুটে সে পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিজের ব্যর্থতার কথা উল্লেখ করেছে। তার ভাগনে জানান, নাসরিনের একটি ছেলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ওই ছেলে, পান্না শিকদার, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলেও পরে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এ কারণে নাসরিন আত্মহত্যার পথ বেছে নেয়। পান্না স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং লতিফ শিকদারের ছেলে।
নাসরিনের ভাবি জানান, পান্না দীর্ঘদিন ধরে নাসরিনকে বিরক্ত করত, যার কারণে সে স্কুলেও যেতে পারেনি। পান্না তাকে খারাপ কথা বলত এবং বিয়ে করতে অস্বীকার করায় নাসরিন এই সিদ্ধান্ত নেয়।
চিরকুটে নাসরিন লিখেছে, “আমি মরার কারণ হলো লতিফ শিকদারের একমাত্র ছেলে পান্না শিকদার। সে আমাকে বিয়ের কথা বলে আমার দেহ ভোগ করেছে। আমার শেষ ইচ্ছা, ওর এমন সাজা হোক যাতে আমার মতো আর কারও জীবন নষ্ট না হয়। বাবা এবং ভাই-বোনের কথা রাখতে পারলাম না। আমাকে মাফ করে দিও।” সে আরও লিখেছে, “মা, আমি নাই, তাতে কী হয়েছে, আরও তো ভাই-বোন আছে। মনে করবা আমি শ্বশুরবাড়ি গেছি। একটুও কান্না করবা না। আমার বুকে অনেক কষ্ট, তাই আর সহ্য করতে পারলাম না।”
নাজিরপুর থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।